বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

ছবি: সংগৃহীত
পানির স্তর স্বাভাবিকের চেয়ে কমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে স্পিলওয়ের সবগুলো গেট একযোগে বন্ধ করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলা রেখে পানি নিষ্কাশন করায় হ্রদের পানির উচ্চতা নিরাপদে নেমে এসেছে।
গেট বন্ধ করার সময় (বুধবার রাত ১১টায়) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। এছাড়া এ সময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট সচল ছিল এবং তা থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল।
জলকপাট খোলার নেপথ্য: এর আগে গত শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএলে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।
নিষ্কাশন পরিমাণ: গেটগুলো খোলা থাকার সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়েছে।
বর্তমানে হ্রদের পানির স্তর নিরাপদ সীমার মধ্যে থাকায় অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রয়োজন ফুরিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেএস

রাঙ্গামাটি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.











