নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত
নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় এক নারী, তার দুই শিশু সন্তান ও এক ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে ডোমার-জলঢাকা মহাসড়কের মটকুপুরের নদীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তার দুই ছেলে পিতোষা (৮) ও যাদব (৪)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাচ্ছিল। পথে নদীয়া এলাকায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই যাত্রী প্রতিমা রানী মারা যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালক পরিমলসহ পাঁচজনকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশু পিতোষা, যাদব এবং ভ্যানচালক পরিমল বর্মন মারা যান। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চারজনই মৃত ছিলেন। অপর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভ্যানটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জেএস

নীলফামারী প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










