প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন: মাহ্দী আমিন

ছবি: সংগৃতীত
সারাদেশে চলমান প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড়ি ধস ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানান।
বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানান তিনি।
মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী স্বয়ং বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন। দুর্যোগপূর্ণ পাঁচ জেলার ডিসি, এসপি, ডিআইজি, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি বৈঠক করে উদ্ধার ও ত্রাণকাজের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। জনগণের পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও তৃণমূলে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আগামীকাল সব বিভাগীয় কমিশনারদের সাথে প্রধানমন্ত্রী বিশেষ সভা করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,
অর্থ সহায়তা: বন্যাকবলিত পরিবারগুলোর জন্য ইতিমধ্যে ২ কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। চালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছানোর কার্যক্রম চলমান।
আশ্রয়কেন্দ্র: দুর্গতদের জন্য এক হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্যসেবা: পানিবাহিত রোগ মোকাবিলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশেষ করে সাপের দংশন ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে।
অবকাঠামো: পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও রেলপথ দ্রুত মেরামতের জন্য এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
দুর্যোগের কারণে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও ঝুঁকির কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
মাহ্দী আমিন আরও বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় আমরা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন—এই তিনটি বিষয় নিয়ে একইসঙ্গে কাজ করছি। জাতির এই ক্রান্তিলগ্নে দুর্যোগ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সরকারের এই সমন্বিত উদ্যোগ ও প্রধানমন্ত্রীর মমত্ববোধে দুর্যোগ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 Daily Destiny. All rights reserved.











