সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের দ্বিতীয় দফায় আরও ৩১১ জনকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। তাদের উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে বের করে আনা হয়।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে দ্বিতীয় দলটিকে সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে। সেখানে আটকা পড়া অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গত মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
প্রশাসনের এই ঘোষণার পর থেকে সাজেকে নতুন করে কোনো পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে ঘোষণার আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সার্বক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
জেএস

রাঙ্গামাটি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










