নগরকান্দার ডাংগীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত কয়েকজন

ছবি: প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে জালাল খান ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন এবং একাধিক বাড়িঘরে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নগরকান্দা প্রতিনিধি ফরিদপুর
© 2026 Daily Destiny. All rights reserved.






