বাগেরহাটে বন প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজেস্ব ছবি
বাগেরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষী সরকারি পি.সি. কলেজ চত্বরে ৭৯ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সামাজিক সংগঠন ও প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৭৯ এক্স স্টুডেন্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সরকারি পি.সি. কলেজের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Bagerhat Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.






