হাটহাজারীতে গভীর রাতে চলন্ত প্রাইভেট কার লক্ষ করে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির সাবেক ব্যুরোচীফ সাংবাদিক রণি।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী-রাঙামাটি সড়কের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক রণি রাউজানের বাসিন্দা। তিনি জানান, ব্যবসায়িক কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে চারা বটতল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত প্রথমে তার গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর চলন্ত গাড়ির গ্লাস বরাবর তিন রাউন্ড গুলি ছোড়ে তারা।
“আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। গুলিগুলো গাড়ির গ্লাসে লাগে। স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়,” বলেন রণি।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হাটহাজারী-ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ দৈনিক ডেসটিনিকে বলেন, "চলন্ত গাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা জড়িত তা শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।"
এ ঘটনার কয়েকদিন আগে, গত রবিবার (২৬ জুলাই) সকালে হাটহাজারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাজের জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি না মানলে "১০ জন পুলিশের সামনেও গুলি করা হবে" বলে হুমকি দেওয়া হয়েছিল।
এর কয়েকদিন পর প্রকাশ্যে ওই ভবনের নিচে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এ সময় ভবন মালিক জসিম উদ্দিনকে হত্যার হুমকিও দেয় সন্ত্রাসীরা।
টানা এসব ঘটনায় হাটহাজারীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
জেএস