মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠকে বসবেন।
ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে ঘিরে গুরুত্বপূর্ণ এসব বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান ইস্যু, লেবাননকে ঘিরে চলমান কূটনৈতিক উদ্যোগের অগ্রগতি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান প্রশ্নে নেতানিয়াহুর সঙ্গে তাঁর কিছু মতপার্থক্য থাকলেও সামগ্রিক অবস্থানে দুজনের মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—জেলেনস্কির এমন অভিযোগ সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না রাশিয়া উচ্চ পর্যায়ে এ ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ও নেতানিয়াহু—উভয়েই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএনএন