পুরান ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সেলুনটিতে স্বাভাবিক কার্যক্রম চলার সময় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে সেখানে থাকা কর্মী ও গ্রাহকরা আটকা পড়ে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ ১০ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভর্তি হওয়া ব্যক্তিদের শরীরের দগ্ধ হওয়ার হার নিম্নরূপ:
ফারুক: ৫০ শতাংশ (আশঙ্কাজনক)
রাজু: ১৮ শতাংশ
পাপ্পু: ১৮ শতাংশ
আরমান: ১৫ শতাংশ
সামশেদ: ১৫ শতাংশ
রফিক: ১২ শতাংশ
রনি: ১০ শতাংশ
জসিম: ৮ শতাংশ
রিংকু: ২১ শতাংশ
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ফারুকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে সেলুন কর্মী এবং গ্রাহক উভয়ই রয়েছেন। ঘটনার পর এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসি বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
জেএস