বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
৪৪ বছর বয়সী ইভান বার্টন কনকাকাফ অঞ্চলের অন্যতম পরিচিত রেফারি। নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অভিষেকের পর এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এবং ফ্রান্স-স্পেনের মধ্যকার সেমিফাইনালটি হতে যাচ্ছে তার চতুর্থ অ্যাসাইনমেন্ট।
চলতি বিশ্বকাপে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে সাহসী সিদ্ধান্তের জন্য ফুটবল বিশ্বে বেশ আলোচনায় আসেন বার্টন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মাঠের ভেতর মুখ লুকিয়ে প্রতিপক্ষকে কিছু বলা শাস্তিযোগ্য অপরাধ। ওই ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ লুকিয়ে তুরস্কের খেলোয়াড়ের সঙ্গে কথা বললে, রেফারি বার্টন তাৎক্ষণিক ভিএআর (VAR) রিভিউ নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপের ইতিহাসে মুখ ঢাকার অপরাধে লাল কার্ড দেখানোর এটিই ছিল প্রথম ঘটনা, যা তাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে।
ম্যাচ পরিচালনায় যারা থাকছেন:
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বার্টনকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছেন তার স্বদেশি দুই সহকারী রেফারি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। এছাড়া ম্যাচটিতে চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকছেন গ্লেন নাইবার্গ এবং রিজার্ভ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবোদ বেগি।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টানা তৃতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এবং ২০১০ সালের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্পেনের ফাইনালে ফেরার লড়াইয়ে এই অভিজ্ঞ রেফারির সিদ্ধান্তই এখন ফুটবলপ্রেমীদের বাড়তি আলোচনার খোরাক।
জেএস