২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে ওঠা সুইসদের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল, যিনি চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে থেকে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

কোবেলের দুরন্ত ফর্ম

ইয়ান সোমারের অবসরের পর দায়িত্ব নেওয়া কোবেল সুইজারল্যান্ডের গোলপোস্টকে রীতিমতো অভেদ্য দুর্গে পরিণত করেছেন। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়ার বিপক্ষে ক্লিন শিট বজায় রাখা কোবেল চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬টি দুর্দান্ত সেভ করেছেন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভে দলকে শেষ আটে তোলার পর তিনি এখন আর্জেন্টিনার আক্রমণভাগের জন্য এক বড় মনস্তাত্ত্বিক বাধা।

গ্লাভসে ভ্যাসলিন আর সহজাত প্রবৃত্তির জাদু

নিজের সাফল্যের রহস্য নিয়ে সুইস সংবাদমাধ্যম ‘ব্লিক’-কে দেওয়া সাক্ষাৎকারে কোবেল জানান কিছু অদ্ভুত ও কার্যকর কৌশল। বল গ্রিপে রাখতে গ্লাভসে ভ্যাসলিন ব্যবহারের কথা স্বীকার করে তিনি বলেন, ‘নতুন বলের ওপর থাকা প্লাস্টিকের প্রলেপ বৃষ্টির সময় পিচ্ছিল হয়ে যায়, তাই গ্রিপ ঠিক রাখতে আমি ভ্যাসলিন ব্যবহার করি।’

পেনাল্টি বাঁচানোর ক্ষেত্রে চিরকুট বা পরিসংখ্যানের চেয়ে নিজের সহজাত প্রবৃত্তির (ইনটুইশন) ওপরই বেশি ভরসা করেন এই গোলরক্ষক। তিনি বলেন, ‘আমি কোনো চিরকুট দেখি না, আমার প্রবৃত্তির ওপরই আস্থা রাখি।’

আর্জেন্টিনার জন্য সতর্কবার্তা

চলমান বিশ্বকাপে মেসি-আলভারেজরা এরই মধ্যে প্রতিপক্ষের গোলরক্ষকদের দারুণ লড়াইয়ের সম্মুখীন হয়েছেন। গ্রুপ পর্বে মিশরের মোস্তফা শোবেইর এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা আর্জেন্টিনার আক্রমণভাগকে বেশ ভুগিয়েছিলেন। কোবেলের বর্তমান ফর্ম দেখে ফুটবল বিশ্লেষকরা ধারণা করছেন, রোববার কানসাস সিটির লড়াইয়ে মেসিদের জন্য গোল পাওয়া সহজ হবে না। আর ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তবে কোবেলের আত্মবিশ্বাস ও দক্ষতা আর্জেন্টাইন পেনাল্টি টেকারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ফাইনাল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা কোবেল বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য নতুন গ্লাভস ব্যবহারের মতো নিখুঁত প্রস্তুতি নিচ্ছেন। এখন দেখার বিষয়, কোবেলের এই ‘ভোজিনহা’ সদৃশ প্রতিরোধ ভাঙতে আর্জেন্টিনা কোনো নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে কি না।

জেএস