‘গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে’: বরিশালে হুঁশিয়ারি জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত
গণভোটে ৭০ ভাগ জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ওই গণভোট যদি ব্যর্থ হয়, তবে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণই আপনাদের সেই গণভোট মানতে বাধ্য করবে, ইনশাআল্লাহ।”
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “গণভোটে এ দেশের ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ বলেছে, যার মাধ্যমে তারা অতীতের পচা রাজনীতি ও শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছে। এখন সরকার বলছে তারা নাকি সংস্কারের কথা কখনো বলেনি। এটা চরম মিথ্যাচার। নির্বাচনী প্রতিশ্রুতিতে সংস্কারের কথা বলা হয়েছিল, এখন তারা সে বিষয়ে ছলচাতুরি করছে।”
তিনি আরও বলেন, “সংসদীয় বিধির তোয়াক্কা না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এখন এর নাম বদলে ‘বিশেষ কমিটি’ বলা হচ্ছে। জনগণের সঙ্গে এই ধোঁকাবাজি বন্ধ করুন, নতুবা এর পরিণাম ভালো হবে না।”
বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনারা ৯১ সালের পর ক্ষমতার স্বাদ পেয়ে কেয়ারটেকার সরকারের গুরুত্ব বোঝেননি। এখন জাতির ক্ষতি করে কিছু বুঝবেন না। আমরা রাজপথে থাকতে চাই না, দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কিয়ে আমাদের রাজপথের দিকে ঠেলে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ বছর মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে। এখন ফ্যাসিবাদ দূর হলেও খাসলতের পরিবর্তন হয়নি। আপনারা যদি সেই একই পথে হাঁটেন, তবে আপনারা ‘ডামি ফ্যাসিবাদের’ জন্ম দেবেন, যা জনগণ মেনে নেবে না।”
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের অর্জনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। ৭১ যেমন আমাদের গৌরবের ইতিহাস, ২৪-ও তেমনি আমাদের অস্তিত্বের অংশ। ২৪-এর বীর শহীদ ও গাজীদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। এই ২৪-কে কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াজ্জম হোসাইন হেলাল। এতে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
জেএস

বরিশাল ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











