যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক ও নৈশভোজে মিলিত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আয়োজনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতোমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এটিই শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে শরিকদের পরামর্শ শুনবেন এবং তাদের সহযোগিতা কামনা করবেন প্রধানমন্ত্রী।

জেএস