মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন। নবজাতক পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘অ্যালেক নিল ভ্যান্স’। এই জন্মের মধ্য দিয়ে ১৫০ বছরেরও বেশি সময়ের পুরনো একটি ঐতিহাসিক রেকর্ডের অংশীদার হলেন ভ্যান্স।

রেকর্ড গড়ার গল্প

হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে অ্যালেক নিল ভ্যান্সই হলেন প্রথম সন্তান, যার জন্ম হয়েছে কোনো দায়িত্বরত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে। এর আগে সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স এবং তার স্ত্রী এলেন ওয়েডের ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হলেন জেডি ভ্যান্স।

পরিবারের পক্ষ থেকে জানানো হলো:

রবিবার মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে অ্যালেক নিল জন্মগ্রহণ করে। এক যৌথ বিবৃতিতে জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স জানান, নবজাতক এবং মা দুজনেই সুস্থ আছেন। পরিবারের অন্য তিন সন্তান ইওয়ান, বিবেক এবং মিরাবেল তাদের ছোট ভাইকে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।

উল্লেখ্য, জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স ইয়েল ল' স্কুলে পড়াশোনার সময় পরিচিত হন এবং ২০১৩ সালে স্নাতক সম্পন্ন করেন।

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ভ্যান্সের অবস্থান:

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়া নিয়ে বরাবরই বেশ সোচ্চার জেডি ভ্যান্স। ২০২১ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় থেকেই তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। নিজের পরিবারকে বড় করার মাধ্যমে তিনি কার্যত তার এই উদ্বেগের প্রতিফলনই ঘটাচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জেডি ভ্যান্স দম্পতির এই নতুন সদস্যের আগমনকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনের একটি খুশির খবর হিসেবে দেখা হচ্ছে।

জেএস