টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮৬ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটারের চেয়ে ১৬ সেন্টিমিটার বেশি। একই দিন দুপুর ১২টার পর পানির উচ্চতা আরও বেড়ে ৮ দশমিক ৯০ মিটারে পৌঁছায়। ফলে নদীটি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর তথ্য বলছে, এর আগের দিন রোববার সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮ দশমিক ৬০ মিটার। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ছাতক উপজেলায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এবং উজান থেকে আরও পাহাড়ি ঢল নেমে এলে নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন নদীতীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীর আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে স্থানীয়দের সরকারি নির্দেশনা মেনে চলা এবং যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইউ