সংস্কার ও শেখ হাসিনার বিচার না হলে বিএনপির পতন ঘটাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, তবে আমরা বিএনপি সরকারের পতন ঘটাবো। ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের ফাঁসির কাষ্ঠে ঝোলাবো এবং বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের যেসব নেতা কারাগারে আছেন, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।”
বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের উদ্দেশে তিনি বলেন, “এত গরম দেখানোর প্রয়োজন নেই। আমরা ভদ্র আচরণ করছি কারণ আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। কিন্তু কেউ যদি সুযোগ নিয়ে বাড়াবাড়ি করেন, তবে কীভাবে টেনে নামাতে হয় তা আমাদের জানা আছে।” তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন মারা গেছেন, কিন্তু দুর্যোগ মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেখা যায়নি। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।”
ভারত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ লড়াই করে স্বাধীন হয়েছে। কোনো অপশক্তি বা বাইরের ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। এ দেশের মানুষ কখনোই ভারতের গোলাম হবে না।”
এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই পদযাত্রা ও সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
জেএস

নওগাঁ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









