গুলশানের নিজ বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত
পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানের নিজস্ব বাসায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসভবন ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা হন মো. সাহাবুদ্দিন। এ সময় তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন।
রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার সরকারি বাসভবনে অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










