রাজনৈতিক নিরপেক্ষতায় জনসেবার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সরকারি কর্মচারীদের নিজেদের জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কার্যকর ও জনমুখী রাষ্ট্র গঠনে সিভিল সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে প্রশাসনকে নিরপেক্ষ, দক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা পরিকল্পনা গ্রহণের কোনো অর্থ নেই, যদি তা জনগণের বাস্তব উপকারে না আসে। সরকারি কর্মচারীদের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ দেশের পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর নীতি নির্ধারণ সম্ভব নয়। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন ও বিধিমালার বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নীতি, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










