নিজ দেশ থেকেই ভিসা আবেদন করুন: নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা অন্যান্য উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের (ইন্টারভিউ) অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা প্রক্রিয়া জটিল হতে পারে এবং অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে।
রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করলে আবেদনকারীর পরিচয়, নথিপত্র ও প্রেক্ষাপট যাচাই করা সহজ হয়। ফলে আবেদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে স্বচ্ছ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।
দূতাবাস আরও জানায়, অনেক আবেদনকারী দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়ার আশায় তৃতীয় কোনো দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করেন। তবে এ ধরনের আবেদনকে ‘থার্ড-কান্ট্রি ন্যাশনাল (TCN) আবেদন’ হিসেবে বিবেচনা করা হয় এবং এসব ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন হতে পারে। ফলে আবেদন নিষ্পত্তিতে বেশি সময় লাগতে পারে বা আবেদন অনুমোদিত নাও হতে পারে।
এছাড়া স্পষ্টভাবে জানানো হয়েছে, যে দেশ থেকেই আবেদন করা হোক না কেন, ভিসা আবেদন ফি একবার পরিশোধ করলে তা কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হয় না। তাই আবেদনকারীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাস আবেদনকারীদের ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য ও নির্দেশনা অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










