‘আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশিংকে হতে হবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর’: আইজিপি

ছবি: সংগৃহীত
দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধরন বদলাচ্ছে। এই বাস্তবতায় পুলিশিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে আধুনিক, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সময়ের সাইবার অপরাধ, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ এবং আর্থিক অপরাধের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আইজিপি বলেন, ‘অপরাধের নতুন নতুন ধরন এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহার রোধে শুধু পেশাগত দক্ষতা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন গবেষণাভিত্তিক গভীর জ্ঞান।’
আইজিপি আরও বলেন, ‘আধুনিক পুলিশিং এখন আর কেবল অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নেই। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মানসম্মত সেবা প্রদানই এখন মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পুলিশ কর্মকর্তাদের দক্ষ নেতৃত্ব, বিশ্লেষণী সক্ষমতা এবং আজীবন শেখার মানসিকতা বজায় রাখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম। তিনি জানান, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পুলিশের শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্ব বিকাশের উৎকর্ষ কেন্দ্র হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১০ম ব্যাচের পরিচিতি:
পুলিশ স্টাফ কলেজের ‘ম্যাকপম’ (MACPM) কোর্সটি এক বছর মেয়াদি এবং দুই সেমিস্টারবিশিষ্ট। এবারের ১০ম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা, চিকিৎসকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।
উচ্চতর পুলিশ শিক্ষা, গবেষণা এবং পেশাগত নেতৃত্ব বিকাশে এই মাস্টার্স প্রোগ্রামটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










