দেশের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে দেশের সাধারণ মানুষের প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক বা বাসার আশেপাশে হোক—যেখানে সুযোগ আছে, সেখানেই একটি করে গাছ রোপণ করবে।"

গাছপালার প্রয়োজনীয়তা ও শিক্ষার মেলবন্ধন টেনে তিনি আরও বলেন, "তোমরা যে গাছটি লাগাবে, সেটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে—এই বিষয়গুলো ইন্টারনেট ঘেঁটে ও বিভিন্নভাবে রিসার্চ (গবেষণা) করবে। এর মাধ্যমে প্রতি বছর তোমরা একটি করে নতুন গাছ সম্পর্কে বিস্তারিত ও বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।"

গাছ রোপণের দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, "গাছগুলো যখন বড় হবে, তখন তার সুফল তোমরাই পাবে। স্কুলের গাছটি বড় হলে খেলার ফাঁকে ক্লান্ত বন্ধুরা তার ছায়ায় বসে বিশ্রাম নিতে পারবে। আর বাসায় গাছ লাগালে তার ঠান্ডা ও মনোরম বাতাস ঘরের ভেতর বসেই উপভোগ করা যাবে, যা চারপাশের পরিবেশকে শীতল রাখবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।"

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশব্যাপী স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

ইউ