ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়ন ও পরিবেশ রক্ষা জাতীয় উন্নয়নের ভিত্তি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আগামী প্রজন্মের সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের অবিচ্ছেদ্য অংশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমরা যেন একটি করে গাছ লাগাই। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বড় হোক—এই উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে।” তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ভলান্টিয়ারিজম’ চালু করা। ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ’ ও ‘এনভায়রনমেন্ট স্টার্ট-আপ ফান্ড’ গঠন। আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা।
ইউক্যালিপটাস বা আকাশমণির মতো দ্রুত বর্ধনশীল গাছের পরিবর্তে দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গাছ রোপণই শেষ কথা নয়, সেটি যেন সঠিকভাবে বেড়ে ওঠে তা নিশ্চিত করা বেশি জরুরি। বিদ্যমান বন ও গাছ কাটা রোধে বন বিভাগকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের ‘থ্রিআরএস’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) নীতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু নগর প্রশাসন দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে বর্তমান বাস্তবতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “বর্তমান সরকার পরিবেশকে আলাদা কোনো খাত হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে। ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কর্মসূচি কৃষিতে সেচ সুবিধার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।”
সবশেষে, একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে সরকারের এই লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











