সংবিধানের পঞ্চদশ সংশোধনী/আপিল বিভাগের রায় আজ

ছবি: সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বিভিন্ন বিতর্কিত বিধানের বৈধতা নিয়ে দায়ের করা আপিলের রায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় প্রদান করবেন।
২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয় এবং ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে রায় প্রদান করেন।
ঐ রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক তিনটি আপিল দায়ের করেন। এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পক্ষ শুনানিতে অংশ নেন।
টানা তিন দিন শুনানির পর গতকাল বুধবার আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। শুনানিতে রিটকারীদের পক্ষের আইনজীবীরা পঞ্চদশ সংশোধনীকে ‘প্রতারণামূলক’ হিসেবে আখ্যায়িত করে এর পুরোটা বাতিলের দাবি জানান। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আংশিক বাতিলের আবেদন জানানো হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, যিনি এই সংশোধনী ও সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে আইনি যুক্তি উপস্থাপন করেন।
বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং ভবিষ্যতে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে আজকের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা। হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরিয়ে আনার নির্দেশনা থাকলেও, আপিল বিভাগ চূড়ান্তভাবে কোন পথে হাঁটবেন, তা নিয়েই এখন দেশের মানুষের দৃষ্টি।
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











