মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, জাতি মুস্তাফা মনোয়ারের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শিল্প ও সংস্কৃতিতে তার অসামান্য কাজ এবং আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।
চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
জেএএ

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






