দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকতা হতে হবে শতভাগ সত্যের ওপর প্রতিষ্ঠিত; এখানে মিথ্যা, অর্ধ-সত্য বা আপসের কোনো স্থান নেই।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভা কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সাংবাদিকতার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাদের গনি চৌধুরী বলেন, বর্তমানে কিছু ‘বগল সম্পাদক’ ও হলুদ সাংবাদিকতায় লিপ্ত ব্যক্তিরা পুরো পেশাকে বিতর্কিত করে তুলছেন। তিনি অভিযোগ করেন, পত্রিকা ছাপিয়ে সেটি বগলে নিয়ে সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে গিয়ে তারা তদবির বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে।

তিনি আরও বলেন, “যা ইচ্ছা তা লিখে দেওয়া সাংবাদিকতা নয়। আজ অনেক ক্ষেত্রে সাংবাদিকরা নিজেরা বিবেক বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করেছেন। মনে রাখতে হবে, দাস-সাংবাদিকদের মানুষ ঘৃণা করে। সত্য লিখলে রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য, তাই সাংবাদিকদের বিবেকসম্পন্ন হতে হবে।”

প্রতিবেশী রাষ্ট্র ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন বিএফইউজে মহাসচিব। তিনি জানান, ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ১৪০টি ভুয়া প্রতিবেদন ছাপা হয়েছে, যার উদ্দেশ্য দেশে দাঙ্গা বাঁধানো ও আগ্রাসন চালানো।

সভাপতির বক্তব্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তিনি বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা এবং গুজব প্রতিরোধ—এই তিনের সমন্বয়েই বাংলাদেশে একটি শক্তিশালী ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

জেএস