দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
গণমাধ্যমকে সমাজ ও রাষ্ট্রের আয়না হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যমগুলোকে এখনও শক্তিশালী ভিত্তিপ্রস্তর বা কাঙ্ক্ষিত মানে উন্নীত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার দায়ভার বিগত সরকারের ওপর বর্তায় বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১৫ জুন) রাজধানীর ডিএফপি ভবনে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “যে আয়নায় আমরা আমাদের চেহারা দেখি, সেটি যত পরিষ্কার হবে, চেহারা তত নিখুঁতভাবে ফুটে উঠবে। গণমাধ্যম হলো রাষ্ট্র ও সমাজের সেই আয়না। তাই গণমাধ্যমকে নিখুঁত রাখার মূল দায়িত্ব গণমাধ্যম সংশ্লিষ্টদেরই পালন করতে হবে।” সম্পাদকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করলেও, সেই উদ্যোগগুলো পূর্ণাঙ্গতা না পাওয়ায় গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা সব পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে চাই। যদি শুরুতেই আমরা লক্ষ্যের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারি, তবে অতীতের মতো আমাদের উদ্যোগগুলো আবারও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।” তিনি পেশাগত প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দেশ ও জাতির সেবায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, “সাংবাদিকদের নিজস্ব চিন্তা ও আদর্শ থাকাটা স্বাভাবিক। কিন্তু কেবল নিজস্ব মতের পক্ষে দৃঢ়তা বা প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে, ভিন্নমতকে কীভাবে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়—আমাদের সেই পথ খুঁজতে হবে।”
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, ডেইলি ওয়াদা সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











