ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

কারখানায় অবৈধ কার্যক্রম

প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে গোপনে অবৈধভাবে আতশবাজি তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

উদ্ধারকাজ ও পরিস্থিতি

স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে পাঠিয়েছেন। আহত নয়জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর শোক ও ক্ষতিপূরণ

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে এককালীন অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

জেএস