সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের করা মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকালের এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, "আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এমন ঘটনায় সরকারের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করা এবং আইনের আওতায় আনা।"
নাহিদ ইসলামের মন্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, "রাজনৈতিক বক্তব্য বলে একটি কথা প্রচলিত আছে, নাহিদ ইসলাম ঠিক সেই কাজটিই করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে তার সেই অধিকার আছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আমরা আরও বেশি দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।"
উল্লেখ্য, বোমা বিস্ফোরণের ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলাম বলেছিলেন, "প্রশাসনের সহায়তায় এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এটি করা হয়েছে।"
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, "ঘটনার এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। যেকোনো ঘটনার তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সরকার এ বিষয়ে সর্বোচ্চ তৎপর রয়েছে এবং দ্রুতই জড়িতদের গ্রেপ্তারের আশা করছি।"
তিনি আরও বলেন, "একটি রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর পরও কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার সেই ঘটনাকে কতটা গুরুত্বসহকারে দেখছে এবং কী ব্যবস্থা নিচ্ছে। আমি নিশ্চিত করতে পারি, বর্তমান সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।"
জেএস