পানিবদ্ধতায় ঢামেক জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা ও রাজধানীর বিপর্যস্ত সড়ক ব্যবস্থার প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়। যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় রাজধানীর অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্বাভাবিকের তুলনায় প্রায় ২০ শতাংশ রোগী কম এসেছে।
রোববার (১২ জুলাই) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কসহ আশপাশের এলাকায় পানি জমেছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শুধু রোগী নয়, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, সাধারণত ২৪ ঘণ্টায় জরুরি বিভাগে গড়ে দেড় হাজারের বেশি রোগী সেবা নিতে আসেন। এদের মধ্যে বড় একটি অংশ বিকেলে ও রাতে ভিড় করেন। কিন্তু আজ সকাল ও দুপুরের চিত্র ছিল ভিন্ন।
ডা. মোস্তাক আহমেদ বলেন, “বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অন্যান্য দিনের তুলনায় আজ জরুরি বিভাগে প্রায় ২০ শতাংশ রোগী কম এসেছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেক জরুরি রোগীও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছেন না।”
হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কর্মস্থলে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। তীব্র যানজট ও জলাবদ্ধতা পেরিয়ে তাদের হাসপাতালে আসতে হয়েছে। এ বিষয়ে ডা. মোস্তাক আহমেদ বলেন, “শুধু রোগী নয়, হাসপাতালের কর্মীদেরও দায়িত্ব পালনে আসতে অনেক কষ্ট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ সময় ব্যয় করে তারা কর্মস্থলে পৌঁছালেও রোগীদের সেবা দেওয়া অব্যাহত রেখেছেন।”
রাজধানীর প্রধান সড়কগুলোর অধিকাংশ স্থানে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে যে শুধু হাসপাতাল নয়, শহরের সামগ্রিক জনজীবনও একপ্রকার থমকে আছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়ায়, জলাবদ্ধতা নিরসন ও চিকিৎসা সেবা সচল রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের কাছে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











