মিরপুরে কলেজের দেয়ালধসে নিহত ২, আহত ১

ছাব: সংগৃহীত
রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কলেজটির সীমানা দেয়াল ধসে এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল পুরোনো একটি লুঙ্গি ও লাল চেক শার্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দেয়ালধসের ঘটনায় আহত হয়েছেন রাজিয়া বেগম (৫৫) নামে এক নারী। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিয়া বেগমের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করেন। ঘটনার সময় রাজিয়া টিসিবির পণ্য কিনতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন।
পুলিশ আরও জানায়, কলেজের বাউন্ডারি দেয়ালের পাশেই টিসিবির পণ্য সংগ্রহের জন্য কার্ডধারীরা নিয়মিত লাইনে দাঁড়াতেন। ঘটনার সময়ও সেখানে বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন।
কী কারণে দেয়ালটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।












