৪ আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠনে ৩ মাসের আল্টিমেটাম বাংলাদেশ ব্যাংকের

ছবি: সংগৃহীত
অকার্যকর অবস্থায় থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতে সর্বোচ্চ তিন মাসের বিশেষ সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫–এর ১৫ ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সেগুলোকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার করায় এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
বিশেষ সময় পাওয়া চারটি আর্থিক প্রতিষ্ঠান হলো—
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নতুন মূলধন সংযোজন এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজস্ব সম্পদ বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের পাওনা অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্তের যেকোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫–এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক রেজুলেশন বিভাগ প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে। সূত্র: বাংলাদেশ সংবাদ
ইউ

অর্থনীতি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






