রাজশাহীতে ৫৬ হাজার শলাকা বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের সিগারেট জব্দ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
রাজশাহী মহানগরী ও জেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। তবে এ সময় উদ্ধারকৃত সিগারেটের মালিকানা বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এস এ পরিবহন প্রাইভেট লিমিটেডের সামনের পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার প্যাকেট ‘লাকি স্ট্রাইক’ (২০ হাজার শলাকা) এবং ২ হাজার ৭০০ প্যাকেট ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট (২৭ হাজার শলাকা) উদ্ধার করা হয়। প্রথম এই অভিযানে মোট ৪৭ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়।
এর কিছুক্ষণ পর, একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র্যাব। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এস এ পরিবহনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৯৯০ প্যাকেট ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট (৯ হাজার ৯০০ শলাকা) উদ্ধার করা হয়।
দুই অভিযানে সর্বমোট ৪ হাজার ৬৯০ প্যাকেটে ৫৬ হাজার ৯০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, অভিযানকালে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত সিগারেটের মালিক বা প্রকৃত দাবিদার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সিগারেটগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সিগারেটের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেএস











