বৃষ্টি উপেক্ষা করে রাস্তার ওপর বসে পড়লেন এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত
হবিগঞ্জে হামলা ও সংঘাতের জের ধরে সৃষ্ট উত্তেজনার মুখে পুলিশি ব্যারিকেড ভেঙে মৌলভীবাজার-হবিগঞ্জ সীমানার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার সড়কে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই মহাসড়কের ওপর বসে পড়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছেন দলটির শতাধিক নেতাকর্মী।
এর আগে আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে এনসিপির শীর্ষ বহরটি মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের 'চা কন্যা' ভাস্কর্যের সামনে পৌঁছালে হবিগঞ্জে প্রবেশে বাধা দিতে রাস্তায় আড়াআড়ি ট্রাক বসিয়ে ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এবং কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা জাহান মিতুসহ অন্য নেতাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ দীর্ঘক্ষণ চরম বাকবিতণ্ডা চলে।
একপর্যায়ে এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ঠেলে ভেঙে সামনে অগ্রসর হন এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন।
ঘটনার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতা গুরুতর আহত হন এবং সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়িসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়।
হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতেই এনসিপির পক্ষ থেকে আজ বুধবার হবিগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে একই দিনে ও একই স্থানে হবিগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলও পাল্টাসমাবেশের ঘোষণা দিলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা তৈরি হয়।
সংঘাত এড়াতে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকাল থেকে পুরো হবিগঞ্জ পৌরসভা এলাকায় অননির্দিষ্টকালের জন্য ৫-এর অধিক ব্যক্তির সমাগম ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।অবস্থানে অনড় নেতারা শ্রীমঙ্গলের ব্যারিকেড অতিক্রম করে রশিদপুরে এসে পৌঁছালেও হবিগঞ্জ শহর অভিমুখে তাদের যেতে বাধা দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতির প্রতিবাদে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এনসিপির নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে ও বসে পড়ে সরকার ও হামলায় জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।এনসিপি নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্য সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে বাধা দেওয়ার প্রতিবাদেই এই রাস্তায় অবস্থান কর্মসূচি। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে রশিদপুর গ্যাসক্ষেত্র ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এলাকাটিতে বর্তমানে থমথমে ও চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
জেএস

হবিগঞ্জ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










