পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের অভিযোগে মো. রাতিন জোমাদ্দার (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহানগরীর নতুল্লাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাতিন মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বেতাগী-মির্জাগঞ্জ সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের ওপর নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করতে একদল ব্যক্তি একত্রিত হন। অভিযোগ রয়েছে, তারা বর্তমান কার্যক্রম জোরদার করা, জননিরাপত্তা বিপন্ন করা এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও ষড়যন্ত্র করছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জেএস