ট্রেনের বগির ধাক্কায় বাস-মাহিন্দ্রা ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে নিহত ২

ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচটি বগির আকস্মিক ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারী। তারা দুজনই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে রাজবাড়ীর দিকে একটি তেলবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের পাঁচটি বগি কোনো এক কারণে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন।
ঠিক তখনই একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে পেছন থেকে গতিরোধহীনভাবে ছুটে আসা বিচ্ছিন্ন বগিগুলো সেগুলোতে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা ও ইজিবাইকটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। এমনকি একটি মাহিন্দ্রা বগির ধাক্কায় প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এদিকে রাজবাড়ী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানিয়েছেন, কী কারণে তেলবাহী ট্রেনের পেছনের বগিগুলো মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেললাইন সচল করা হয়।
জেএস

রাজবাড়ী প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











