বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা অন্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন—নাছির উদ্দীন (১৮), মো. করিম (২০), আইয়ুব মনির (২৩), কামাল (৪৫) এবং নাছির উদ্দীন (১৮)। এদের মধ্যে চারজন কুতুবদিয়া উপজেলার এবং একজন পেকুয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয় মৎস্যজীবী ও কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ভোরে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর সাতজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, সোমবার বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে বর্তমানে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা অবগত আছেন। ট্রলার মালিকের পক্ষ থেকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
জেএস

কক্সবাজার প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










