পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ/কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

ছবি: সংগৃহীত
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কবলে পড়ে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। রেললাইনের ওপর পানি জমে থাকায় এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৮ জুলাই) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন বর্তমানে পানির নিচে তলিয়ে আছে। বন্যার পানি না নামা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। যারা ভ্রমণ বাতিল করতে ইচ্ছুক, তাদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম স্টেশনে আটকা পড়া কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীদের বিষয়ে বলা হয়েছে, যারা পুনরায় ঢাকায় ফিরে যেতে চান, তারা আজ বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবেন।
এর আগে, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটির কক্সবাজার অংশের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি বুধবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে গেছে। অন্যদিকে, ঢাকা থেকে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ভোররাত থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে না।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়ার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











