বিশ্বকাপের ডাগআউটে কমছে আর্জেন্টাইন কোচদের সংখ্যা: টিকে রইলেন চার চাণক্য

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ডাগআউট যেন এবারের আসরে পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। ৪৮ দলের এই মহাযজ্ঞে রণকৌশল সাজানোর দায়িত্বে শুরুটা হয়েছিল ছয় আর্জেন্টাইন কোচের হাত ধরে। তবে মাঠের লড়াই যত জমে উঠছে, ডাগআউটের সেই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডদের সংখ্যাটাও ততই কমছে। গ্রুপ পর্ব ও নকআউটের প্রাথমিক বাধা পেরিয়ে বর্তমানে টিকে আছেন মাত্র চার কোচ।
সবশেষ বুধবার (১জুলাই) সকালে মেক্সিকোর বিপক্ষে লড়াইয়ে হেরে বিদায় নিয়েছেন ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে। তার দল মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। এর আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন উরুগুয়ের অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা।
বিয়েলসা ও বেকাচ্চেচের বিদায়ের পর এখন ফুটবলপ্রেমীদের সব নজর বাকি চার আর্জেন্টাইন কোচের ওপর। এই চারজন হলেন— যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, প্যারাগুয়ের গুস্তাভো আলফারো এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
কার কী অবস্থা?
বাকি চার কোচের মধ্যে এখন পর্যন্ত কিছুটা স্বস্তিতে আছেন প্যারাগুয়ের গুস্তাভো আলফারো। তার অধীনে প্যারাগুয়ে এবারের বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিয়ে বড় চমক দেখিয়েছে। এরই মধ্যে দলটির শেষ ষোলো নিশ্চিত হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তার সামনে অপেক্ষা করছে কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী ফ্রান্স।
অন্যদিকে, স্কালোনি, পচেত্তিনো ও লরেঞ্জোর সামনে এখন নকআউটের কঠিন অগ্নিপরীক্ষা। লিওনেল স্কালোনির আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কেপ ভার্দে, যে ম্যাচটি শুরু হবে আগামী শনিবার ভোর চারটায়। একই দিনে নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া মাঠে নামবে ঘানার বিপক্ষে। তাদের আগে, আগামীকাল বৃহস্পতিবার সকালে শেষ ষোলোর লড়াইয়ে পচেত্তিনোর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া।
হতাশার বিদায় যাদের
ছয় কোচের মধ্যে সবচেয়ে হতাশাজনক সময় পার করেছেন মার্সেলো বিয়েলসা। তার অধীনে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। অন্যদিকে, বেকাচ্চেচের ইকুয়েডর তুলনামূলক ভালো ফুটবল উপহার দিয়েছে। তার অধীনে দলটি জার্মানিকে হারানোর মতো বড় কীর্তি গড়ার পাশাপাশি গ্রুপ পর্বের বাধা টপকানোর সাফল্যও দেখিয়েছে।
টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আর্জেন্টাইন কোচদের এই রণকৌশল আর জাদু বিশ্বকাপে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






