বিশ্বকাপের মঞ্চে কি আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল? কী বলছে অতীত পরিসংখ্যান?

ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের চলতি আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ফর্মে থাকলেও, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নিয়েছে। তবে সব ঠিক থাকলে এবং উভয় দল জয়ের ধারা অব্যাহত রাখলে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এই লড়াইয়ের অপেক্ষায় এখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী।
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিল এখন পর্যন্ত মাত্র চারবার একে অপরের মুখোমুখি হয়েছে। এই চার ম্যাচের পরিসংখ্যানে জয়ের দিক থেকে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে ব্রাজিলের জয় দুবার, আর্জেন্টিনার জয় একবার এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
মুখোমুখি লড়াইয়ের সংক্ষিপ্ত পরিসংখ্যান-
১৯৭৪ বিশ্বকাপ: প্রথম দেখায় ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। সেবার ব্রাজিলের হয়ে গোল করেছিলেন রিভেলিনো এবং জাইরজিনহো।
১৯৭৮ বিশ্বকাপ: দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়ে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
১৯৮২ বিশ্বকাপ: এই ম্যাচে ব্রাজিল ৩-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দাপট দেখায়।
১৯৯০ বিশ্বকাপ: শেষবার বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিল ইতালিতে। সেখানে কানিগিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে আগের হারের প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা।
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে সামনাসামনি দেখার অপেক্ষায় ভক্তরা। ভক্তদের এই প্রত্যাশা পূরণ হবে কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের দিকে।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






