পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি অপসারণে নিরাপত্তা ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচ থেকে অস্থায়ীভাবে ভরাট করা মাটি অপসারণের ফলে সেতু বা রেললাইনের কাঠামোগত নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণকাজের সময় ভারী যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী চলাচলের সুবিধার্থে প্রকল্প এলাকায় সাময়িকভাবে মাটি ভরাট করা হয়েছিল। নির্মাণকাজ শেষ হওয়ায় প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন সেই অস্থায়ী মাটি অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রকল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবেশ সৃষ্টি করা।
মন্ত্রী আরও জানান, মোট ১৬ দশমিক ৭৬ কিলোমিটার এলাকাজুড়ে পরিচালিত এ কার্যক্রমের মধ্যে ইতোমধ্যে প্রায় ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট গভীর পর্যন্ত মাটি অপসারণ করা হবে।
শেখ রবিউল আলম বলেন, মাটি অপসারণের ফলে এলাকার প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতার ঝুঁকি কমবে এবং পরিবেশের ভারসাম্য পুনঃস্থাপনে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে পদ্মা রেলসেতু প্রকল্পের দীর্ঘমেয়াদি নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনাও আরও নিশ্চিত হবে।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






