বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা, কালো কোট বাধ্যতামূলক নয়

ছবি: সংগৃহতি
দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরিধান বাধ্যতামূলক থাকছে না।
মঙ্গলবার (৩০ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা গাউন পরিধান করবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সাদা ফুলহাতা শার্ট অথবা সাদা শাড়ি কিংবা সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরতে হবে। তবে এ ক্ষেত্রে কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না।
আইনজীবীদের ক্ষেত্রেও একই ধরনের শিথিলতা আনা হয়েছে। তারা সাদা ফুলহাতা শার্ট অথবা সাদা শাড়ি কিংবা সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড অথবা কালো টাই ব্যবহার করতে পারবেন। তবে তাদের জন্যও কালো কোট ও গাউন পরিধান বাধ্যতামূলক নয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালতসহ সংশ্লিষ্ট সব বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পোশাকবিধি বিচারক ও আইনজীবীদের জন্য অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে, বিশেষ করে গরম ও প্রতিকূল আবহাওয়ায় আদালতের কার্যক্রম পরিচালনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। বাসসি
ইউ

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






