এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র তৈরি, এইচএসসি পরীক্ষা দিতে এসে ছাত্রীসহ আটক ২

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া জান্নাত তার আত্মীয়ের সহায়তায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি জাল প্রবেশপত্র তৈরি করেন। ওই প্রবেশপত্র নিয়ে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। তবে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর, নিবন্ধনসংক্রান্ত তথ্য এবং পরীক্ষার বিষয়ের সঙ্গে অসামঞ্জস্য ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা বিস্তারিত যাচাই-বাছাই করেন।
পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ নিশ্চিত হন যে প্রবেশপত্রটি ভুয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসফিয়া জান্নাত জানান, নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তিনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। বিষয়টি পরিবারের কাছে গোপন রাখতে তিনি আত্মীয়ের সহযোগিতায় ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত তাসফিয়া জান্নাত ও তার সহযোগী ইনজামুল হককে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জাল নথি ব্যবহার, পরিচয় গোপন করা বা প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। সূত্র: কালবেলা
ইউ

ডেসটিনি প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






