২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ ও গুমের ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া একটি রিকুইজিশনের ভিত্তিতে পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পরপরই ফজলুর রহমান তাকে প্রকাশ্যে চড় মারেন। এরপর শার্টের কলার ধরে জোরপূর্বক ডিবির গাড়িতে তুলে নিয়ে যান।
শফিকুল ইসলাম আরও বলেন, "তদন্তে বেরিয়ে এসেছে যে, এই অপহরণকাণ্ডে ফজলুর রহমান এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল।"
দীর্ঘ সময় পর এই আলোচিত অপহরণ ও গুমের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তির গ্রেপ্তার হওয়ার বিষয়টি আইন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে।
জেএস