কোয়ার্টার ফাইনাল মিশনে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

ছবি: সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শেষ ৩২-এর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে চোখ এখন আর্জেন্টিনার। আগামী মঙ্গলবার মিশরের বিপক্ষে মাঠে নামার আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবারের অনুশীলন সেশন বাতিল করতে হয়েছিল, তবে রোববারের ক্লোজড-ডোর সেশনে দল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছেন কোচ। আপাতত বড় কোনো রদবদল না আনলেও রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগে একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে থাকছেন—লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ। নকআউট পর্বে আলভারেজকে মূল একাদশে ফেরানোর পরিকল্পনা থাকলেও গোড়ালির চোটের কারণে তিনি এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। কেপ ভার্দের বিপক্ষে লাওতারো খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও একটি দারুণ পাসে মেসিকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। বদলি হিসেবে নামা আলভারেজও ছিলেন বেশ সক্রিয়। তাই এই দুই স্ট্রাইকারের মধ্যে কাকে বেছে নেবেন স্কালোনি, সেটিই এখন দেখার বিষয়।
রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার চোট শঙ্কা তৈরি করেছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে তার পায়ে টান ধরেছিল, ফলে তিনি পুরোপুরি ফিট না হলে রক্ষণভাগের নিয়মিত মুখ নিকোলাস তালিয়াফিকোর একাদশে ফেরা একরকম নিশ্চিত।
মাঝমাঠের ভারসাম্য ফেরাতেও পরিবর্তন আসতে পারে। থিয়াগো আলমাদার জায়গায় লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস গঞ্জালেসের মধ্যে একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। পারেদেস একাদশে থাকলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তার স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় খেলার স্বাধীনতা পাবেন, আর গঞ্জালেস যুক্ত হলে আক্রমণে আসবে বাড়তি গতি।
যদিও স্কালোনি শেষ মুহূর্তে চমক দেখাতে পছন্দ করেন, তবুও কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকে তিনি এখনও সবচেয়ে ভারসাম্যপূর্ণ মনে করেন। তাই মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই মিশর বধের ছক আঁকছেন আর্জেন্টাইন কোচ। এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা তাদের কৌশলগত এই পরিবর্তনগুলো কতটা কার্যকর করতে পারে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.






