ব্রাজিলের ফুটবল দলের জয় উদযাপন করতে গিয়ে থ্রি-পিস পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় পদ হারিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির এক নেতা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামের ওই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাজিলের একটি ফুটবল ম্যাচে জয় উদযাপন উপলক্ষে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু থ্রি-পিস পরিহিত অবস্থায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচেন। তার সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, যা উপজেলা বিএনপির নেতাদের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কার্যকলাপের কারণে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ।

জেএস