নরওয়ের বিপক্ষে নেইমার কি ফিরবেন ব্রাজিলের একাদশে

ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ (রোববার) দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচে দলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের মাঠে নামা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন ইতালিয়ান কোচ। নেইমারের ৯০ মিনিট খেলার সামর্থ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হ্যাঁ, সে ৯০ মিনিটই খেলতে পারবে। এতে সন্দেহ নেই”।
নেইমার ও ভিনিসিউস জুনিয়র একসঙ্গে খেলতে পারবেন কি না—এমন প্রশ্নে আনচেলত্তি জানান, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে”। তবে ঠিক কতক্ষণ নেইমার মাঠে থাকবেন, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি। আনচেলত্তির ভাষ্যমতে, “গুরুত্বপূর্ণ বিষয় হলো—সে খেলার জন্য অ্যাভেইলেবল। তবে কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলার সুযোগ নেই। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই ও মাঠে নামবে”।
বিশ্বকাপে এখন পর্যন্ত নেইমার কেবল ১৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিটের পর তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেও তাকে নামানোর পরিকল্পনা ছিল আনচেলত্তির, কিন্তু ম্যাচের কৌশলগত কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, ইনজুরির কারণে মিডফিল্ডার লুকাস পাকেতা এই ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরলেও রাফিনিয়া এখনও পুরোপুরি ফিট নন। ফলে পাকেতার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কিংবা দানিলো সান্তোসের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর কৌশলের প্রয়োজনে পরে বদলি হিসেবে দেখা যেতে পারে নেইমারকে।
দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর কাছে বাধা পাওয়ার যে ইতিহাস ব্রাজিলের রয়েছে, তা কাটিয়ে ২০০২ সালের পর ফের বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে সেলেসাওরা। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেইমার আজ ব্রাজিলের জয়ে কতটুকু ভূমিকা রাখতে পারেন।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.






