ডালাসে মিসরীয় ফুটবল দলের সঙ্গে মার্কিন পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তি

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থানরত মিসর জাতীয় ফুটবল দলের হোটেল ক্যাম্পের বাইরে স্থানীয় পুলিশ ও দলের স্টাফদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান এবং ডালাস পুলিশের এক সদস্যের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ডালাসে মিসর দলের হোটেলের সামনে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই সময় দলের খেলোয়াড়দের এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক সমর্থক ও শিশু ভক্তরা হোটেলের বাইরে ভিড় করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভক্তদের সরিয়ে দেওয়া নিয়ে মিসর দলের কোচিং স্টাফদের মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ভিডিওতে দেখা যায়, একজন নিরাপত্তা কর্মকর্তা টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানের দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দেন, যা মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়।
প্রায় আধা মিনিট ধরে চলা এই উত্তপ্ত পরিস্থিতি পরে দলের অন্যান্য স্টাফ ও খেলোয়াড়দের হস্তক্ষেপে শান্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়, ওই সময় নিরাপত্তা কর্মকর্তা বারবার চিৎকার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন এবং উপস্থিত সবাইকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। তবে সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি কিংবা গুরুতর কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মিসর দলের ঘনিষ্ঠ সূত্র ‘দ্য ইজিপশিয়ান ইন্ডিপেন্ডেন্ট’-কে জানিয়েছে, সমর্থকদের সামলানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনার সমন্বয়ের অভাবেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই ঘটনার প্রভাব দলের প্রস্তুতিতে পড়বে না বলে আশ্বস্ত করা হয়েছে। মিসর দল এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিচ্ছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে আসা মিসর এবার নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। তবে দলের মূল তারকা মোহাম্মদ সালাহ ইনজুরির কারণে পরবর্তী ম্যাচে একাদশে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মিসর এবার নকআউট পর্বে নিজেদের পারফরম্যান্স ধরে রেখে কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.





