যুক্তরাষ্ট্রে চলমান তীব্র দাবদাহের কবলে পড়ে চরম ঝুঁকির মুখে পড়েছে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। এই চরম প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি স্থগিত করার জন্য ফিফার প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৭.৭৮° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে তা মাঠে ৪৬.১১° সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা ৩৫° সেলসিয়াস পার হলে মানুষের শরীর প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, যা অ্যাথলেটদের জন্য হিট স্ট্রোকের মতো মারাত্মক জীবনঝুঁকি তৈরি করে।

যদিও ফিফা ম্যাচগুলোতে পানির বিরতি বা কুলিং ব্রেকের ব্যবস্থা রেখেছে, তবে বিশেষজ্ঞরা একে যথেষ্ট নয় বলে মনে করছেন। ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো ও আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের স্পষ্ট নির্দেশনা হলো, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে তাপমাত্রা ২৮° সেলসিয়াস পার হলেই ম্যাচ স্থগিত করা উচিত।

ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের সিইও ডগলাস কাসা জানান, ফিফার নিয়মানুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২° সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে যে তাপমাত্রা বিরাজ করছে, তাতে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কালো পতাকা সংকেত দিয়ে সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে সপ্তাহের শুরুতে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচে তাপমাত্রা ৩২.২২° সেলসিয়াসে পৌঁছালে ফরাসি ফুটবলারদের মাঠের জলকামান ব্যবহার করে শরীর ঠাণ্ডা করতে দেখা গিয়েছিল। এমতাবস্থায় খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে ফিফা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর।

জেএস