আর্জেন্টিনার বিপক্ষে সাহসী পরিকল্পনার বার্তা কেপ ভার্দের

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আলোচিত দল কেপ ভার্দে। এই কঠিন লড়াইয়ের আগে কোনো বাড়তি চাপ বা ভয় নয়, বরং সাহসের সঙ্গেই মেসিদের মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি।
শনিবার রাত ৪টায় মাঠে নামার আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস তার দলের ফুটবলারদের উদ্দেশ্যে একটি সাহসী বার্তা দিয়েছেন। সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি”।
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াই তাদের আসল লক্ষ্য। তিনি আরও যোগ করেন, “এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া”।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে ইতিমধ্যেই ফুটবল বিশ্বের নজরে এসেছে। গ্রুপ পর্বে স্পেনকে আটকে দিয়ে এবং উরুগুয়ে ও সৌদি আরবকে রুখে দিয়ে তারা দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে। বিশেষ করে স্পেনের বিপক্ষে গোলরক্ষক ভোজনহার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
প্রেসিডেন্ট জোসে মারিয়ার মতে, “আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে”। এখন দেখার বিষয়, লিওনেল মেসিদের বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে ‘ভোজিনহারা’রা শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেন কি না।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.





