পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে অনন্য উচ্চতায় হ্যারি কেইন

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলসংখ্যাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। রুদ্ধশ্বাস ম্যাচে পিছিয়ে পড়েও কেইনের দুর্দান্ত জোড়া গোলে জয় নিশ্চিত করেছে থ্রি লায়নরা। ২-১ ব্যবধানের এই জয়ের পথে কেইন ব্যক্তিগত অর্জনের খাতায় যোগ করলেন নতুন এক মাইলফলক।
ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। বিদায়ের শঙ্কা যখন জেঁকে বসছিল, ঠিক তখনই জ্বলে ওঠেন কেইন। তার দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
এই গোলের মাধ্যমেই বিশ্বকাপে কেইনের মোট গোলসংখ্যা দাঁড়ালো ১৩-তে। এর ফলে ১২ গোল করা ফুটবল সম্রাট পেলেকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম নতুন করে লিখালেন তিনি। চলতি বিশ্বকাপে এটি কেইনের পঞ্চম গোল, যা তাকে গোল্ডেন বুট জয়ের দৌড়েও বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কেইনের সামনে এখন রয়েছেন লিওনেল মেসি (১৯), কিলিয়ান এমবাপে (১৮), মিরোস্লাভ ক্লোজা (১৬), রোনালদো নাজারিও (১৫) এবং গার্ড মুলার (১৪)। তবে কেইন ১৩ গোল নিয়ে এখন জাস্ট ফনটেইনের রেকর্ডের সঙ্গী হলেন।
নির্ধারিত সময়ের শেষ দিকে পিছিয়ে থাকা ম্যাচটি জিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। কেইনের এই অসামান্য নৈপুণ্য ইংল্যান্ডের ভক্তদের পাশাপাশি ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.






